তারেক আবেদীন ●
বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশে পরিচালিত জীবন বীমা প্রতিষ্ঠানের মূলধন তহবিল পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছে। সকল লাইফ ইনসিওরেন্স কোম্পানির পরিশোধিত মূলধন তহবিলের অংশ উত্তোলন প্রসঙ্গে হাল নাগাদ তথ্য ও পরিসংখ্যান দ্রুত চেয়েছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। আইডিআরএ’র পাঠানো নিদিষ্ট ছকে তথ্য পূরণ করে তা একদিনের মধ্যে ইমেইলে প্রেরণের জন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে ১৭ মে নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে।
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর বিশ্বস্ত একটি সূত্র জানায়,
দেশে পরিচালিত দেশী বিদেশি মোট ৩৫টি জীবন বীমা কোম্পানির মধ্যে প্রায় অর্ধেক কোম্পানির মূলধন পরিস্থিতি ভালো নয়। এরা বীমা দাবীসহ অনেকের পাওনা পরিশোধ করতে পারছে না। আর্থিক সক্ষমতা নেই এদের। জীবন তহবিল গঠনে তারা ব্যর্থ। বেশ ক’টি কোম্পানি পরিশোধিত মূলধন ভেঙ্গে কুড়িয়ে কুড়িয়ে চলছে। এ অবস্থায় কোম্পানিগুলোকে নিদিষ্ট ছকে এর প্রতিষ্ঠা সাল, পরিশোধিত মূলধনের পরিমাণ, উত্তোলন/ঋণকৃত অর্থের পরিমাণ, সময়সহ পুনঃভরণকৃত অর্থের পরিমাণ এবং পুনঃভরন না করে থাকলে তার ব্যাখ্যা ইত্যাদি তথ্য সন্নিবেশন করে তা ১৮ মে তারিখের মধ্যে পাঠাতে আইডিআরএ’র পরিচালক (লাইফ) আব্দুল মজিদ লাইফ কোম্পানির সকল মুখ্য নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, ক’দিন আগে রাজধানীতে অনুষ্ঠিত দেশের একটি লাইফ বীমা কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তিনি তাঁর বক্তব্যে ১০টি জীবন বীমা কোম্পানি সম্পর্কে বেশ হতাশা ব্যক্ত করেন। দাবী পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর চিত্র তুলে ধরে চেয়ারম্যান বলেন, গ্রাহক যে কোন সময় টাকা আদায়ের জন্য মাঠে নেমে যেতে পারেন। চেয়ারমানের সে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। অনুষ্ঠানে তিনি খারাপ কোম্পানিগুলোর ব্যাপারে কঠোর হওয়ার হুশিয়ারি প্রদান করেন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নূরুজ্জামান এ প্রসঙ্গে অর্থকাগজকে জানান, কোম্পানির স্বচ্ছতাও জবাবদিহিতার জন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক মনে করি। গ্রাহক কোম্পানির হালনাগাদ পরিস্থিতি জানতে পারলে কষ্টার্জিত সঞ্চয়ের বীমা আমানত কোন কোম্পানিতে রাখবেন সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। ●
অকা/বীখা/ সন্ধ্যা, ১৭ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
