অর্থকাগজ প্রতিবেদন ●
প্রধান সূচক ১০০ পয়েন্টের বেশি কমেছে। লেনদেন শুরু হওয়ার পরই ঢাকার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন। ৪ জুলাই প্রথম ৫৫ মিনিটের মধ্যে বাজারের তিনটি সূচকেরই পতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত সকাল থেকে বাজারে ক্রেতার অভাব আছে। ক্রেতা না থাকায় সকাল থেকে দাম কমছে। বিএসইসির নিয়ম অনুযায়ী, দিনে কোনো কোম্পানির শেয়ারের দাম তিন শতাংশের বেশি কমতে পারে না। ক্রেতা না থাকায় বিক্রেতারা দাম তিন শতাংশ হ্রাস করে বিক্রয় আদেশ দিয়েছেন। বেশির ভাগ শেয়ারের দাম তিন শতাংশ কমে যাওয়ায় দিনের শুরুতে বড় ধরনের দরপতন হয়েছে।

তবে দরপতনের এই ধারা সারা দিন নাও থাকতে পারে বলে মনে করেন ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা। কারণ হিসেবে তাঁরা বলেন, ভালো কোম্পানির শেয়ারের দাম তিন শতাংশ কমে বিক্রয়ের আদেশ থাকায় ক্রেতারা হয়তো একপর্যায়ে এই সুযোগ গ্রহণ করবেন এবং তাতে সূচক ঘুরে দাঁড়াবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্সের পতন হয়েছে ২ দশমিক ১৫ শতাংশ বা ১১৪ দশমিক ৯০ পয়েন্ট। ডিএসইএস সূচকের পতন হয়েছে ২ দশমিক ১৭ শতাংশ বা ২৫ দশমিক ৯৫ পয়েন্ট ও ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২ দশমিক ২৬ শতাংশ বা ৪৩ দশমিক ১০ পয়েন্ট।

১৪ জুলাই লেনদেনের শীর্ষে আছে হাইডেলবার্গ সিমেন্ট; এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৮ কোটি টাকার। দ্বিতীয় স্থানে আছে টেকনোড্রাগ; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৬৩ লাখ টাকার। তৃতীয় স্থানে আছে বিএটিবিসি; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকার।

দিনের প্রথম ৫৫ মিনিটে ৫৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে মাত্র ছয়টি কোম্পানির শেয়ারের; দাম কমেছে ৩৫৫টি কোম্পানির। অপরিবর্তিত আছে ১৭টি কোম্পানির। ●

অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version