অর্থকাগজ প্রতিবেদন ●
সপ্তাহের অধিকাংশ সময় দেশের শেয়ার বাজার নিম্নমুখী থাকলেও শেষ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে দুই শেয়ারবাজারে বেড়েছে লেনদেন।
১৩ ফেব্রুয়ারি বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে। ১৩ ফেব্রুয়ারি দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
১৩ ফেব্রুয়ারি ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৬ কোম্পানির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৭১টির। এ দিকে গতকাল ডিএসইতে মোট ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৯৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩২ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।
১৩ ফেব্রুয়ারি সিএসইতে মোট ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। দিনশেষে সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
শেয়ার হস্তান্তর করবেন মনোস্পুল পেপারের পরিচালক- শেয়ার বাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির মনোনীত পরিচালক মো: মোবারক হোসেন তার স্ত্রী জাহানারা মোবারকের কাছে ১৮ হাজার ৭০১টি শেয়ার হস্তান্তর করবেন। জাহানারা মোবারক কোম্পানির একজন সাধারণ শেয়ার হোল্ডার। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই মনোনীত পরিচালক।
ফোর্সড সেলে বিলম্ব করলে ক্ষতিপূরণ দিতে হবে ঋণদাতা প্রতিষ্ঠানকে : শেয়ার বাজারে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সময় মতো নিয়ম মেনে ফোর্সড সেলের উদ্যোগ না নিলে তার জন্য ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে ঋণদাতা প্রতিষ্ঠানকে। এমন সুপারিশ করেছে পুঁজিবাজার উন্নয়নে গঠিত টাস্কফোর্স। সম্প্রতি টাস্কফোর্স মার্জিন ঋণ বা প্রান্তিক ঋণসংক্রান্ত বিধিবিধান সংশোধনে তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেখানে এই সুপারিশ করা হয়েছে।
বর্তমানে শেয়ারের দরপতনের কারণে কোনো ঋণগ্রহীতার পত্রকোষ বা পোর্টফোলিও ভ্যালু বা মূল্য ১২৫ শতাংশে নেমে এলে ওই বিনিয়োগকারীর শেয়ার জোরপূর্বক বিক্রি বা ফোর্সড সেলের মাধ্যমে ঋণ সমন্বয়ের বিধান রয়েছে।
টাস্কফোর্সের সদস্যরা বলছেন, এ বিধান কার্যকরে কোনো ঋণদাতা প্রতিষ্ঠান ব্যর্থ হলে এবং তার জন্য কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতির দায় নিতে হবে ঋণদাতা প্রতিষ্ঠানকে। নতুন এই বিধানের সুপারিশের কারণ হিসেবে টাস্কফোর্সের যুক্তি হলো যদি সময় মতো ফোর্সড সেল করা যায়, তা হলে বিনিয়োগকারীর নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটি করা না হলে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হন। বিনিয়োগকারীরা যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য এ বিধানের সুপারিশ করা হয়েছে।
টাস্কফোর্স ১১ ফেব্রুয়ারি তাদের সুপারিশ পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের হাতে জমা দেন। তাতে শেয়ারের বিপরীতে ঋণসুবিধার বিষয়ে নানা সুপারিশ করা হয়। ১০ লাখ টাকার কম বিনিয়োগ যাদের, তাদের ঋণসুবিধা না দেয়ার সুপারিশ করেছে টাস্কফোর্স।
লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা- দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। গতকাল রবি আজিয়াটা পিএলসি ২৩ কোটি ৩২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বাংলাদেশ শিপিং করপোরেশন ১৭ কোটি ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
১৩ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এসবিএসি ব্যাংক পিএলসি।
দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিটিক্যালস : দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির ১৫৬টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড। গতকাল ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা বা ৭ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।
১৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, মোজাফোর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, রেনেটা পিএলসি, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ●
অকা/পুঁবা/ফর/সকাল/১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

