অর্থকাগজ প্রতিবেদন

দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মীর রাশেদ বিন আমান জানান, চলতি বছর (২০২২) কোম্পানিটির ব্যবসায় লক্ষ্যমাত্রা সাড়ে ৬০০ কোটি টাকা। অর্থকাগজকে তিনি বলেছেন, বীমা ব্যবসায়ে নির্ধারিত এ লক্ষ্যমাত্রা আশা করি আমরা অর্জন করতে সক্ষম হবো।

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়াস্থ কোম্পানির প্রধান কার‌যালয়ে ক’দিন আগে বিকেলে তিনি অর্থকাগজ প্রতিনিধির সঙ্গে বসে কথা বলছিলেন। ২০২০ থেকে ২০২২ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর অবধি প্রায় ৩ বছরের মাস ও বছরভিত্তিক মোট প্রিমিয়াম সংগ্রহ, বীমা পরিপত্র (পলিসি) আদায় রশিদ (পি আর) সংখ্যা ও প্রবৃদ্ধির হারের হালনাগাদ পরিসংখ্যান স্মার্ট টিভির বড় পর্দায় দেখাচ্ছিলেন তিনি। তাতে দেখা যায়, ২০২১ সালে মোট প্রিমিয়াম হয়েছিল ১৯২ কোটি ২৮ লাখ ২৫ হাজার ৮৫৮ টাকা। অথচ চলতি বছরের (২০২২) ১০ ডিসেম্বর অবধি মোট প্রিমিয়াম আদায়ের পরিমাণ ৩১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৯৬৫ টাকা।

নিজ দফতরে বসে বেশ আনন্দের সঙ্গে মীর রাশেদ বিন আমান বলেন, শতভাগ প্রতিশ্রুতিশীল কোম্পানি হচ্ছে সোনালী লাইফ। আমরা চলতি বছরের ২৯ নভেম্বর প্রথমবারের মতো ৫০০ কোটি টাকার মোট প্রিমিয়াম আয় অর্জন করতে সক্ষম হই। ব্যবসায়িক এ সাফল্যের প্রেক্ষিতে ডিজিটালাইজড কোম্পানি হিসেবে আমরা গত ৪ ডিসেম্বর অর্জন আনন্দ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে উদযাপন করি। উদযাপনের সে উৎসবে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ যেমন উপস্থিত ছিলেন, তেমনি যুক্ত ছিলেন বাংলাদেশ বীমা এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতিসহ বীমা খাতের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ৪ ডিসেম্বরে অনুষ্ঠিত সে উদযাপনে আমরা প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত সকলে আমাদের জীবন বীমা ব্যবসায়ের হালনাগাদ কর্মকাণ্ড প্রদর্শন করি। ইতিবাচক প্রবৃদ্ধির সে তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান দেখে বেশ সন্তুষ্টি ও উৎসাহ বোধ করেছে আইডিআরএ’র কর্মকর্তাগণও। সোনালী লাইফের ডিজিটালাইজড কর্মকাণ্ড অনুসরণ করতে কর্তৃপক্ষ অন্যান্য কোম্পানিকে বলেছে তাও আমাদের অর্জন বলতে হয়। সোনালী লাইফ সত্যি সোনালী জীবন দেবে বীমা গ্রহীতাদের তা নিশ্চিত করে বলতে পারি। আমরা সে পথেই যাচ্ছি।

অকা/বীখা/রাত, ১২ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version