অর্থকাগজ ডেস্ক
ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমেছে।

আব্বাস আরাগচি জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে।

ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের প্রণালি (হরমুজ) পুরোপুরি উন্মুক্ত এবং যাতায়াতের জন্য প্রস্তুত। ধন্যবাদ!’

ট্রাম্প আরও দাবি করেন, পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আর কখনও বন্ধ না করার বিষয়ে ইরান রাজি হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনও ধরনের নিশ্চয়তা বা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। এক দিনেই বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেখা গেছে বড় ধরনের উল্লম্ফন।

সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

Leave A Reply

Exit mobile version