অর্থকাগজ ডেস্ক>
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ব্যবহার করে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের জাহাজগুলোর ওপর আবারও অবরোধ আরোপ করবে যুক্তরাষ্ট্র এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন আরও সক্রিয় ভূমিকা নেবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র নিজেকে ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠা করবে। এই কৌশলগত নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা মেটাতে প্রণালি দিয়ে পরিবাহিত সব বাণিজ্যিক পণ্যের ওপর ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।
তিনি জানান, এ সংক্রান্ত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে।
এর আগে ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প একই ধরনের পরিকল্পনার ইঙ্গিত দেন। সেখানে তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এর বিনিময়ে এই পথ ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে। তার ভাষায়, বিশ্বের অনেক ধনী দেশ এই নৌপথ ব্যবহার করে, তাই তারা যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সুবিধা বিনা মূল্যে পেতে পারে না।
তবে ট্রাম্পের ঘোষণার পরপরই হোয়াইট হাউস এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। কীভাবে এই শুল্ক আরোপ করা হবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এর ভিত্তি কী হবে কিংবা উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এসব প্রশ্নেরও উত্তর মেলেনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর একটি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য জ্বালানি পণ্যের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
সর্বশেষ হালনাগাদ 1 day আগে

