অর্থকাগজ প্রতিবেদন>

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় আন্দোলনকারী এক তরুণকে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় গুলি করা এবং পৃথক ঘটনায় আরও দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সকাল ১১টা ৪৮ মিনিটে রায় পাঠ শুরু হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পর আদালতের অনুমতিতে রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকার আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলি থেকে বাঁচতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন। পরে পুলিশ সদস্যরা ভবনে উঠে তাকে ধাওয়া করে। একপর্যায়ে ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।

একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে আরও দুজন নিহত হন। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে দায়ীদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ হালনাগাদ 10 hours আগে

Leave A Reply

Exit mobile version