তারেক আবেদীন ●
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ফিরে এসেছেন ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল। ১২ অক্টোবর সকালে রাজধানীর মতিঝিলস্থ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ে এসে অফিস করেছেন তিনি । বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর দেয়া কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে তাঁর অপসারণ আদেশ উচ্চ আদালত ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করে। সে চিঠি নিয়ে বীমা অফিস করেছেন বলে কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া অর্থকাগজকে জানান। তিনি আদালতের আদেশ নিয়ে কোম্পানির চেয়ারম্যান জামাল উদ্দিনের সঙ্গে দেখা করেন। সহকর্মিদের নিয়ে তাঁর কক্ষে বসে আলোচনা করেন তিনি।
জানা গেছে, ১১ অক্টোবর হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণে বীমা খাতের নিয়ন্ত্রক আইডিআরএ’র দেয়া আদেশ ৩ মাস স্থগিত ঘোষণা করেছেন। সেই প্রেক্ষিতে তিনি বীমা কোম্পানিতে যোগ দিয়েছেন।
বিশেষ নিরীক্ষককে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের হিসাব তথ্য না দেয়ার অভিযোগে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে বীমা খাতের নিয়ন্ত্রক আইডিআরএ। ২১ সেপ্টেম্বর প্রেরিত সে চিঠিতে স্বাক্ষর করেন আইডিআর‘র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। এ চিঠির আগে কারণ দর্শানোর জবাবে বীমা নির্বাহী ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল তাঁর পূর্বেকার মুখ্য নির্বাহী কর্মকর্তার সময়কার উত্থাপিত অনিয়ম যাচাইয়ে নিরীক্ষককে অধিকাংশ তথ্য ও উপাত্ত দেন। জবাবে তিনি নিয়ন্ত্রককে এটাও জানান ২০২২ সালের ২৪ মে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ তিনি যোগদান করেছেন।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর অপসারণের চিঠি এবং ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের পুঙ্খানুপুঙ্খ উত্তরসহ অর্থকাগজ অনলাইন গত ২৪ সেপ্টেম্বর দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিজ্ঞ একাধিক প্রধান বীমা নির্বাহী অর্থকাগজকে জানান, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনেকটা অন্যায়ভাবে অপসারণ করেছে। আগের এমডির অনিয়ম ও অপরাধের দায় কেন ড. বিশ্বজিৎ নিবেন? ‘চুরি’ করলেন যিনি তার কিছুই হলো না; আর চাকরি যাবে নিরপরাধী মন্ডলের? অভিভাবক হিসেবে আইডিআরএ’র কাজটি মোটেও উচিত হয়নি। ●
অকা/জীবীকো/বিচি/ রাত, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

