অর্থকাগজ ডেস্ক> 

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আবার বিলিয়নিয়ারের তালিকায় নেমে এসেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্পেসএক্স ও টেসলার শেয়ারের দর কমে যাওয়ায় তার সম্পদের পরিমাণ এক ধাক্কায় ৫৩ বিলিয়ন ডলারেরও বেশি হ্রাস পেয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৪৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে। যদিও তিনি এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছেন।

মাস্কের সম্পদের বড় অংশই এসেছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় তার মালিকানা থেকে। চলতি মাসে স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়। এর জেরেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েন তিনি।

তবে শেয়ারবাজারে পরবর্তী মূল্য সংশোধনের ফলে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে মাস্কের মোট সম্পদের ওপর।

বর্তমানে স্পেসএক্সের প্রায় ৩৮ শতাংশ এবং টেসলার প্রায় ১১ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক। এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই, টানেল নির্মাতা দ্য বোরিং কোম্পানি এবং মস্তিষ্কে চিপ প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংকের প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতা ও অংশীদার।

২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্স চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্সএআইকে অধিগ্রহণ করে। ওই চুক্তির মাধ্যমে একীভূত প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করা হয় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর আগে ২০২২ সালে অধিগ্রহণ করা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকেও এক্সএআইয়ের সঙ্গে একীভূত করা হয়।

সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

Leave A Reply

Exit mobile version