অর্থকাগজ প্রতিবেদন ●
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ২৩ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৭ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে ৯১ টাকা ৮৮ পয়সা কেজি দরে। এতে মোট ব্যয় হবে ৬৪ কোটি ৩২ লাখ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড মসুর ডাল সরবরাহের কাজ পেয়েছে।

এদিকে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপ্রস্তাবের মাধ্যমে এ কাজ পেয়েছে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। এ এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৫২২ কোটি ২৮ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ১২ দশমিক ৪৩ মার্কিন ডলার।

এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে ১ লাখ ৪০ হাজার টন সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। ●

অকা/বাণিজ্য/ফর/রাত/২৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version