অর্থকাগজ প্রতিবেদন ●
সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২৯ মে থেকে। জুয়েলারি শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২৮ মে রাতে এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, সমিতির সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ২৭ মে সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ২৯ মে থেকে সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ঘোষিত কর্মসূচি ও রিপনুল হাসানের গ্রেপ্তারের বিষয়ে জানতে বাজুসের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বেশির ভাগের ফোন বন্ধ পাওয়া যায়। আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রিপনুল হাসানের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। সেই মামলায় ২৮ মে সন্ধ্যায় তাকে নিজ প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রিপনুল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ●
অকা/শিবা/ফর/রাত/২৮ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে

