অর্থকাগজ প্রতিবেদন>
দেশের বাজারে একদিনের ব্যবধানেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকায়। নতুন এ দাম শনিবার (২৭ জুন) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৬৬৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৮৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৯২ হাজার ৪৯১ টাকা।
তবে বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। ফলে গহনার নকশা ও মজুরিভেদে ক্রেতাদের আরও বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে।
এর আগের দিনও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ফলে মাত্র একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির ঘোষণা এলো, যা দেশের স্বর্ণবাজারে চলমান অস্থিরতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

