অর্থকাগজ প্রতিবেদন দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম।

৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত যেটি আগে ঘটে সে সময়ের জন্য আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে উল্লেখ করা হয়, তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

২০১২ সালের নভেম্বরে এম আসলাম আলম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের মার্চে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে তাকেও সচিব পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছিল।

পরে ২০১৭ সালের মে মাসে তাকে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর করা হয়। সেখানে তিনি ২০১৯ সালের জুলাই পর্যন্ত দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, কদিন আগে বিক্ষোভের মুখে পড়ে তিন বছরের পূর্ণ মেয়াদ শেষ হবার আগেই সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ জয়নুল বারী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর ৫ সেপ্টেম্বর পদত্যাগ পত্র জমা দেন। জয়নুল বারীর পদত্যাগ গৃহীত হলে আইডিআরএ’র চেয়ারম্যানের শূন্য পদে এম আসলাম আলমকে সরকার ৯ সেপ্টেম্বর নিয়োগ দেয়।
অকা/বীখা/প্র/ই/ সন্ধ্যা/৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version