‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৩' পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত রোববার (২০ এপ্রিল ২০২৪) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এ পদক দেয়।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ মন্ত্রণালয়ের পক্ষে এ পদক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।
মন্ত্রণালয় জানায়, ২০১০ সাল থেকে ক্রমাগতভাবে সাফল্যের সঙ্গে ‘বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের জন্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে এ পদকে ভূষিত করে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় উঠে এসেছে এ টুর্নামেন্টের মাধ্যমে। এ ছাড়াও সানজিদা বঙ্গমাতা টুর্নামেন্টের প্রথম নারী খেলোয়াড় হিসেবে ভারতের প্রফেশনাল ফুটবল লীগে কলকাতা ইস্ট বেঙ্গলে খেলেছেন। সচিব জানান, ২০২৩ সালে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে ২২ লাখ ২২ হাজার ৩৬ জন শিক্ষার্থী টুর্নামেন্ট দুটিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণের দিক থেকে এখন বিশ্বের বৃহত্তম টুর্নামেন্ট এ দুটি। এ অনন্য অর্জন গিনেসবুকে স্থান করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

