অর্থকাগজ প্রতিবেদন>
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ১১ আগস্ট বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
২০২৫ সালের ১ জুলাই দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পান ড. আক্তার হোসেন। চুক্তি অনুযায়ী তার দায়িত্ব পালনের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করা হলো।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে ড. আক্তার হোসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে নীতিগত পরামর্শ দিয়ে আসছিলেন। অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ এ পদে তার দায়িত্ব ছিল অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও নীতিগত সিদ্ধান্তে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
ড. আক্তার হোসেন প্রথিতযশা শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ। তিনি প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। পরে ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন ড. আক্তার হোসেন। সেখানে তিনি নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন এবং দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে গবেষণাভিত্তিক বিশ্লেষণের ক্ষেত্রে ভূমিকা রাখেন।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

