অর্থকাগজ প্রতিবেদন ●
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি মার্কিন ডলার বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
৭ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দফতরে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-জাইকার প্রতিনিধি দল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের (ভারপ্রাপ্ত) সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় সালেহউদ্দিন আহমেদ বলেন, ফান্ড দেয়ার বিষয়ে তিনজনই (এডিবি-জাইকার প্রতিনিধি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার) ইতিবাচক। এডিবির বাজেট সাপোর্ট আসবে। ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার দেবে। আইএমএফ ৪.৭ বিলিয়ন ডলার দেবে। আমরা আরো ৩ বিলিয়ন ডলার চেয়েছি।
তিনি বলেন, জাইকা আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্পে তাদের অর্থায়ন রয়েছে। ভৌত অবকাঠামো ঋণগুলো আমরা কন্টিনিউ করতে বলেছি, সেটা ওরা কন্টিনিউ করবে। এছাড়া আরো দুটি বিষয়ে কথা বলেছি। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কারিগরি বিষয় রয়েছে।
বৈদেশিক ঋণের প্রবাহ কমে গেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থউপদেষ্টা বলেন, বৈদেশিক ঋণের ফ্লো ঠিক ছিল। ফ্লো একেবারে কম আসেনি। কিন্তু এগুলোর ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আছে।
তিনি বলেন, অস্ট্রেলিয়াও আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। কারণ তারা যেসব সহায়তা করে সেটা সরাসরি প্রভাব ফেলে। ইউরোপ, কানাডা ও ইউকে ছাড়া অস্ট্রেলিয়া অনেক বড় দেশ। তারা যে সহযোগিতা করে সেটা তহবিল হিসেবে করে। তারা আঞ্চলিক বাণিজ্যের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি, বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য খুব সীমিত দেশের সাথে। অস্ট্রেলিয়া যদি এখানে আসে আমরা আসিয়ানের অন্তর্ভুক্ত হতে পারব। আঞ্চলিক বাণিজ্য বেশি প্রয়োজন। সেখানে আমাদের সীমিত। তাই অস্ট্রেলিয়ার সাথে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আছে। তারা এনার্জি, অ্যাগ্রিকালচার খাতে বিনিয়োগ করতে চায়। ●
অকা/আখা/ফর/সকাল/৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

