অর্থকাগজ প্রতিবেদন

পাক্ষিক অর্থকাগজ এর সাবেক সহকারী সম্পাদক দুলাল চন্দ্র দে ১২ মে ভোর পাঁচটায় কিডনিজনিত রোগে চিকিৎসারত অবস্থায় টাঙ্গাইলের পাকুটিয়ায় ছোট মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু)। রাজধানীর সাংবাদিক মহলে অতি পরিচিত সৎ ও পরিশ্রমী সাংবাদিক দুলাল দে দীর্ঘদিন ধরে কিডনি রোগ, রক্তস্বল্পতা ও স্ট্রোকজনিত রোগে ভূগছিলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য এবং দৈনিক বাংলাদেশের আলো এর সম্পাদনা সহকারী দুলাল দের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হিংগানগর গ্রামে গোপেশ্বর চন্দ্র দে ও পার্বতী রাণী দের পুত্র দুলাল চন্দ্র দে ১৯৫৫ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

১৯৭৯ সালে দৈনিক গণকণ্ঠ পত্রিকায় সম্পাদনা সহকারী হিসেবে দুলাল চন্দ্র দে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সুদীর্ঘ ৪৫ বছর তিনি দৈনিক কিষাণ, দৈনিক দেশবাংলা, দৈনিক রূপালী, দৈনিক দিনকাল, দৈনিক ডেসটিনি ও দৈনিক করতোয়ায় কাজ করেন। অর্থকাগজ এ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুলাল চন্দ্র দে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৫ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর দুলাল দের স্ত্রী সুফলা রাণী দে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অকালে সহধর্মিণী বিয়োগে একাকীত্ব তাঁকে শারীরিক ও মানসিকভাবে বেশ দুর্বল করে তোলে।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতিনসহ অসংখ্যক শুভাকাঙ্খী রেখে গেছেন। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতকের (সম্মান) শিক্ষার্থী দুলাল চন্দ্র দের পুত্র তমাল চন্দ্র দে অর্থকাগজকে জানান, পরীক্ষা শেষে আজ (১২ মে) বিকেলে তিনি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যায় গ্রামের বাড়ি হিংগানগরে দুলাল চন্দ্র দের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্পাদকসহ অর্থকাগজ এর পরিবারের সকলে দীর্ঘদিনের সহকর্মী দুলাল চন্দ্র দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

অকা/ গমা/প্র/সকাল, ১২ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version