তারেক আবেদীন

বেসরকারি খাতে পরিচালিত দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নূরে আলম সিদ্দিকী অভিকে অযোগ্য ঘোষণা করে তাকে অপসারণ করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খবর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর নির্ভরযোগ্য সূত্রের।

সূত্র অর্থকাগজকে জানিয়েছে, ২০ জুন কোম্পানির চেয়ারম্যান বরাবর এক চিঠিতে (স্মারক নং-৫৩.০৩.০০০০.০৩২.১১.০১৪.১৮.২৬) অভিকে সিইও পদ থেকে অপসারণ করা হয়। সে চিঠিতে বলা হয় নূরে আলম সিদ্দিকী অভির কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা নেই। সে কারণে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিনকে লিখিত কোম্পানির সিইও পদে অভির নিয়োগ অনুমোদনের আবেদনটি পুনরায় নাকচ করে দেয়া হয়। এ ছাড়া ওই পত্রে আইডিআরএ  বীমা কোম্পানির (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা-২০১২ অনুযায়ী প্রস্তাবিত সিইও’র শিক্ষাগত যোগ্যতা, মোট কর্ম অভিজ্ঞতা, প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা, বয়স এবং অন্যান্য যোগ্যতা আছে কিনা তা যাচাই বাছাই না করে কর্তৃপক্ষের কাছে পুনরায় আবেদন দাখিল করার জন্য আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর  চেয়ারম্যানকে সতর্ক করে দেয়া হয়। একই চিঠিতে বলা হয়- কোন ক্রমেই ৩ মাস সময়ের অধিক কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রাখা যাবে না। তাই ৩ মাসের ১৫ দিন আগে যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ বরাবর পাঠানোর জন্য কোম্পানির চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়।

এদিকে ১৫ জুন ’২২  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর উচ্চ পদস্থ একজন কর্মকর্তার পাঠানো পত্রে বিদ্যমান আইনে মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ সংক্রান্ত নির্দেশ পরিপালনে ব্যর্থতার দায়ে কোম্পানিকে আরেপিত ৫ লাখ টাকা জরিমানা মওকুফের জন্য  চেয়ারম্যানের আবেদনটি নাকচ করে দেয়া হয়। জরিমানার এই ৫ লাখ টাকা চিঠি প্রেরণের ৭ দিনের মধ্যে কোম্পনিকে পরিশোধ করতে হবে। তা না হলে কর্তৃপক্ষকে ৫ লাখ টাকাসহ প্রতিদিনের জন্য ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

গত ৩১ মার্চ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপ সচিব) মো. শাহ্ আলমের স্বাক্ষরে আলফা ইসলামী লাইফের সিইও শূন্য পদের বিষয়ে এক চিঠিতে (স্মারক নং-৫৩.০৩.০০০০.০৩২.১১.০১৪.১৮.১৯) জরিমানা করা হয়। চিঠি অনুযায়ী উল্লেখ করা হয় আলফা ইসলামী লাইফের সিইও শূন্য পদে নিয়োগের বিষয়ে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর তারিখের মধ্যে পরিপালনে কর্তৃপক্ষের নির্দেশ পুরোপুরি অমান্য করেছে কোম্পানিটি। সেই চিঠিতে এ ব্যাপারে বলা হয়েছিল জরুরি ভিত্তিতে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে তাতে কর্তৃপক্ষের প্রতিনিধি রাখা এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ বিজ্ঞপ্তি  দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা। বীমা আইন ২০১০ এর ৮০(৫) ধারার বিধান অনুযায়ী কোম্পানিকে দেয়া আদেশ অমান্য করা হলে আলফা ইসলামী লাইফে প্রশাসক নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু কোম্পানি নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের সে আদেশ মোটেও আমলে নেয়নি।

৩১ মার্চের চিঠিতে উল্লেখ করা হয় মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বীমা কর্মকাণ্ডে সিইও হিসেবে নিয়োজিত জনাব নূরে আলম ছিদ্দিকী অভির নিয়োগের প্রস্তাবটি ২০ ডিসেম্বর, ২০২০ নাকচ হয়ে যায়। ১ বছর ৩ মাসের অধিক সময় পার হয়ে যায়। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে পুনরায় ২ দফায় ৩ এবং ২ মাস মোট ৫ মাস সময় বৃদ্ধি করা হয়। এ ক্ষেত্রে কোম্পানিটির আরও ৬ মাস সময় বুদ্ধির আবেদন করলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, বিবেচনার কোন সুযোগ নেই। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শূণ্য পদটি ১ বছর ৩ মাসের অধিক সময় খালি থাকায় বিদ্যমান বীমা আইন লংঘিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। কোম্পানিটিকে ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকার জরিমানার অংক পরিশোধ করতে বলে কর্তৃপক্ষ।

এছাড়াও শূন্য সিইও পদে নিয়োগ প্রস্তাব কর্তৃপক্ষ বরাবর ৩০ মে, ২০২২ তারিখের মধ্যে কোম্পানি না পাঠালে আইন অনুসারে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ প্রশাসক নিয়োগ করা হবে কর্তৃপক্ষ জানিয়েছিল। চিঠির অনুলিপি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান সচিব বরাবর পাঠানো হয়।

কর্তৃপক্ষের নির্ভরযোগ্য একটি সূত্র অর্থকাগজকে জানান, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর  সিইও হিসেবে ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে চলতি বছরের ২০ জুন অবধি কর্মরত নূরে আলম ছিদ্দিকী অভির কর্ম অভিজ্ঞতা ২ বছর ৪ মাস ২৫ দিন। আইন অমান্য করে দিনের পর দিন তিনি ও তার কোম্পানি আইডিআরএ’র আদেশকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে আসছে।

অকা/বীখা/ মধ্য রাত, ২১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version