তারেক আবেদীন ●
দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গ্রাহকের স্বার্থ রক্ষায় অবশেষে কঠোর অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির হট লাইনে (১৬১৩০) চলতি বছরের ২৮ মে তারিখে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অবিলম্বে গ্রাহকদের দাবি ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য ১৮টি জীবন বীমা কোম্পানিকে আইডিআরএ থেকে নির্দেশ দেয়া হয় অতি সম্প্রতি। গ্রাহকগণ মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির অর্থ দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বলে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করেছেন। গ্রাহকদের নাম, বীমা পরিপত্র নম্বর ও সেলফোন নম্বর উল্লেখ করে দ্রুত গ্রাহক পাওনা পরিশোধের জন্য অভিযুক্ত প্রত্যেক কোম্পানিকে আইডিআরএ চিঠি পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- মেটলাইফ, ডেলটা, ন্যাশনাল, ফারইষ্ট, পপুলার, সানলাইফ, সানফ্লাওয়ার, প্রগ্রেসিভ, পদ্মা, হোমল্যান্ড, গোল্ডেন, প্রাইম, বায়রা, মেঘনা, সন্ধানী, রূপালী, প্রগতি ও গার্ডিয়ান। খবর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র নির্ভরযোগ্য একটি সূত্রের।
সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত কোম্পানিগুলো গ্রাহকের দাবি ও অন্যান্য পাওনা অপরিশোধিত ও অমীমাংসিত রেখেছে। জীবন বীমায় গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্র আরও জানায়, দেশে পরিচালিত ৩৫টি জীবন বীমা কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে বড় অভিযোগ হচ্ছে সময়মত গ্রাহক দাবি পরিশোধ না করা। ●
অকা/বীখা/বিকেল, ১০ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
