নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে এক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসরাত জাহান। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তোমরাই আগামী দিনের সুন্দর, সমৃদ্ধ ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আগামী দিনের জন্য তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

