অর্থকাগজ প্রতিবেদন ●
সবক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে রাশিয়া। ১৪ আগস্ট এক টেলিগ্রাম বার্তায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ঢাকার রুশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তায় উপদেষ্টা তোহিদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাভরভ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানের পদে আপনার নিয়োগের বিষয়ে জানতে পেরে আমি আনন্দিত। রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের শক্তিশালী ভিত্তি বন্ধুত্ব, যা ঐতিহ্যগতভাবে আমাদের দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে।
লাভরভ আরো বলেন, আমরা সবক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করতে বাংলাদেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছি। দায়িত্বশীল পদে আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। ●
অকা/বাণিজ্য/ফর/দুপুর/১৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

