অর্থকাগজ ডেস্ক >

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রবিবার (১৯ জুলাই) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে, ততদিন তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। পোস্টের সঙ্গে তিনি সরকারি প্রজ্ঞাপনের একটি কপিও প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, "আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।"

তিনি আরও বলেন, "আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। নতুন এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।"

সর্বশেষ হালনাগাদ 1 day আগে

Leave A Reply

Exit mobile version