নিজস্ব প্রতিবেদক> 

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক লোটন একরাম। সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বিদায়ী সম্পাদক আবু তাহেরকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা নতুন সম্পাদকের প্রতি শুভেচ্ছা জানান এবং বিদায়ী সম্পাদকের অবদানের প্রশংসা করেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত লোটন একরাম রাজনৈতিক প্রতিবেদক হিসেবে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিবিসি নিউজ টেলিভিশনে এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর লোটন একরাম বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও পাঠককেন্দ্রিক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন-এর অর্জিত আস্থা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে তিনি কাজ করবেন। পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় প্রিন্ট ও ডিজিটাল—উভয় প্ল্যাটফর্মে আরও আধুনিক ও মানসম্পন্ন সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

Leave A Reply

Exit mobile version