অর্থকাগজ প্রতিবেদন
পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো এবং ভিত্তিহীন অভিযোগে জড়ানোর অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার মো. রকিব উদ্দিন খান হিরন।
শুক্রবার (২৪ জুলাই) তিনি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ এ অভিযোগ জানান।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ থেকে একটি স্বার্থান্বেষী মহল তার পেশাগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় একটি কাল্পনিক ও ভিত্তিহীন ঘটনার সঙ্গে তাকে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, একটি লিখিত অভিযোগে ঘটনাস্থলে থাকা এক "অজ্ঞাত দাড়িওয়ালা ব্যক্তি" চ্যানেল ২৪-এর ক্রাইম রিপোর্টার হিরন খানের সঙ্গে কথা বলে তার কথিত উসকানিতে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয়, তার সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কোনো তথ্য অভিযোগে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন তিনি।
সাংবাদিক হিরনের অভিযোগ, কোনো ধরনের যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়াই তাকে একটি মনগড়া অভিযোগে জড়ানো হয়েছে। পাশাপাশি তার অনুমতি ছাড়া একটি স্থিরচিত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে বিষয়টির সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীদের শনাক্তকরণ এবং ভবিষ্যৎ আইনি সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান চ্যানেল ২৪-এর এই সাংবাদিক।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

