অর্থকাগজ প্রতিবেদন

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো—শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএসইসি’র ৯৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি, জনমত এবং বাজারসংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনা করেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে বিনিয়োগকারীদের প্রতিটি বিও অ্যাকাউন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছর থেকে এই ফি কমে দাঁড়াবে মাত্র ১৫০ টাকায়। ফি-এর এই পরিমাণ সমানভাবে তিন ভাগে ভাগ হবে—ডিপজিটরি (সিডিবিএল), ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি/ব্রোকারেজ হাউজ) এবং বিএসইসি—প্রত্যেকে ৫০ টাকা করে পাবে।

এই নতুন নিয়ম সরকারি গেজেটে প্রকাশের পর ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে। তবে চলতি অর্থবছর (২০২৪-২৫) বিনিয়োগকারীদেরকে আগের নিয়ম অনুযায়ী ৪৫০ টাকা ফি প্রদান করতে হবে।

এছাড়াও বিনিয়োগকারীদের জন্য আরও একটি স্বস্তির খবর হলো—বিও অ্যাকাউন্টের বার্ষিক ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে ফি পরিশোধ করতে হতো। কিন্তু এখন থেকে বিনিয়োগকারীরা ১৫ অক্টোবর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের উপর থেকে একটি উল্লেখযোগ্য আর্থিক চাপ কমিয়ে দেবে। আগে যেখানে একজন বিনিয়োগকারীকে একাধিক বিও অ্যাকাউন্ট পরিচালনার জন্য অতিরিক্ত ব্যয় বহন করতে হতো, এখন ফি কমায় সেই চাপ অনেকটাই হ্রাস পাবে। এতে নতুন বিনিয়োগকারীরা বাজারে আসতে উৎসাহিত হবেন এবং পুরোনো বিনিয়োগকারীরাও সক্রিয় থাকতে আগ্রহী হবেন।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগ পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়িয়ে লেনদেন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারের বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
অকা/পুঁবা/ই/সকাল/৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version