অর্থকাগজ প্রতিবেদন>
স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলী নদীর বন্দরের প্রবেশ পথে বা চ্যানেলে কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়েছে। জাহাজটি ভাসতে ভাসতে মোহনার বাইরে গিয়ে শেষমেষ নেভাল একাডেমির পাশে চরে গিয়ে আটকা পড়ে। সোমবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে।
মাল্টার পতাকাবাহী ‘সিএনসি ইউরেনাস’ জাহাজটিতে ১ হাজার ২৮২ একক আমদানি পণ্যভর্তি কনটেইনার ছিল। জাহাজটি আসছিল চীনের শেনজেন বন্দর থেকে।
জাহাজে থাকা কয়েক হাজার কোটি টাকা আমদানি পণ্যের কোনো ক্ষতি হয়েছে কি না, জানা যায়নি। তবে জাহাজে থাকা বিদেশি নাবিকরা নিরাপদে আছেন।
চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ দুর্ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, ‘সব নাবিক নিরাপদে অক্ষত আছে। বন্দর প্রবেশপথ সচল আছে। তবে জাহাজের মেকানিক্যাল প্রবলেম হয়েছে তাই আমাদের মেরিন বিভাগের টিম টাগবোট নিয়ে ঘটনাস্থলে আছে। এখন কর্ণফুলী নদীতে ভাটা শুরু হয়েছে। পরবর্তী জোয়ারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
জাহাজটি প্রবেশপথে আটকে গেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেত। আর দেশের ৯২ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি পরিবহনকারী চট্টগ্রাম বন্দরের এই লাইফলাইন অচল হয়ে যেত। সৌভাগ্যবশত সেই বিপদ থেকে বেঁচে যায় চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভেড়ার জন্য আসছিল। মোহনায় প্রবেশের কিছুদূর গিয়েই জাহাজটির স্টিয়ারিং বিকল হয়। সোয়া ২টা থেকে সেটি ভেসে গিয়ে ৪০ মিনিট পর মোহনার পাশে নেভাল একাডেমির পশ্চিমপাশের সাগরে আটকা পড়ে। সেই সময় ভাটার কারণে পানির গভীরতা কম থাকায় চরে আটকা পড়ে। না হলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

