অর্থকাগজ প্রতিবেদন ●
দেশে যৌথ বিনিয়োগে মোটরসাইকেলের হেলমেট তৈরির নতুন কারখানা স্থাপন করতে চায় সরকারি কোম্পানি এটলাস বাংলাদেশ। মোটরসাইকেল প্রস্তুতকারী বেসরকারি কোম্পানি রানার অটোমোবাইলসের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই কারখানা করতে চায় এটলাস। এ জন্য প্রতিষ্ঠানটি রানা ট্রেড পার্ক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।

এটলাস বাংলাদেশ জানায়, এটলাস-রানার হেলমেট প্ল্যান্ট নামে নতুন এই কারখানা গড়ে তোলা হবে। তবে নতুন কারখানাটিতে কত টাকা বিনিয়োগ করা হবে এবং কবে নাগাদ তা চালু করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

জানা গেছে, নতুন কারখানার জন্য সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে ১৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, এই কারখানা হবে ফিফটি-ফিফটি রেশিও বা পঞ্চাশ-পঞ্চাশ অনুপাতে। অর্থাৎ দুই পই বিনিয়োগের অর্ধেক টাকা বা ৯ কোটি টাকা করে দেবে। এই কারখানার মুনাফাও সমান দুই ভাগ হবে।

সূত্র জানায়, নতুন হেলমেট কারখানাটি হবে এটলাসের টঙ্গীর বিদ্যমান কারখানা এলাকায়। সমঝোতা চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই করার পর কারখানা স্থাপনের বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে দুই কোম্পানির মধ্যে। ওই চুক্তির ৬ মাস থেকে এক বছরের মধ্যে কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ওই কারখানায় প্রায় ২৫০ জন লোকের কর্মসংস্থান হবে। তবে চূড়ান্ত চুক্তিতে বিনিয়োগের পরিমাণ ও কর্মসংস্থানের সংখ্যা কমবেশি হতে পারে।

সরকারি কোম্পানি এটলাস বাংলাদেশ বর্তমানে টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন ও বিপণনের সঙ্গে যুক্ত। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি ৩ কোটি ৬৯ লাখ টাকার মোটরসাইকেল বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে এক বছরে কোম্পানিটির মোটরসাইকেল বিক্রি বেড়েছে ২ কোটি ৬৩ লাখ টাকা। কিন্তু বিক্রি বাড়লেও সব ধরনের খরচ মিটিয়ে কোম্পানিটি লাভে ফিরতে পারেনি। তবে লোকসান কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসান কমে প্রায় ৮৩ লাখ টাকায় নেমেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ কোটি টাকার বেশি। ●

অকা/শিবা/ফর/রাত/২৮ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version