অর্থকাগজ প্রতিবেদন ●
চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ শক্ত অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১৫২ কোটি ২৭ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১.৫২ বিলিয়ন ডলার। গড়ে প্রতিদিনই দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৫ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক আয়।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৮৮ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকের চ্যানেলে এসেছে সর্বোচ্চ—১০০ কোটি ৯ লাখ ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলো থেকে এসেছে আরও ২৮ লাখ ডলার।
দিনভিত্তিক প্রবাহেও শক্তিশালী প্রবণতা দেখা যাচ্ছে।
– ৯ থেকে ১৫ নভেম্বর দেশে এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ডলার,
– ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ডলার,
– আর ১ নভেম্বর একদিনেই এসেছে ৪ কোটি ৩১ লাখ ডলার।
এর আগের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। আগস্টে প্রবাহ ছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অর্থবছরের হিসেবে রেমিট্যান্সে নতুন রেকর্ডও গড়েছে দেশ। ২০২৪–২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার—বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ বৈদেশিক আয়ের অর্জন। ●
অকা/ব্যাংখা/ই/সকাল/১৭ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

