অর্থকাগজ ডেস্ক
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বার বার ডাকাতির কবলে পড়েছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি ডাকাতির পর এতদিন কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। মূল বিদ্যুৎ লাইনের তার ও অনেক মেশিনারি লুট করে নিয়ে গেলে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় বিডি থাই ফুড।
রোববার (৭ জুন) প্রকাশিত বিডি থাই ফুডের এক মূল্যসংবেদনশীল বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই বৈঠকে সজিব গ্রুপ ও এভারগ্রিন বেভারেজ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় পণ্য উৎপাদন করার চুক্তি অনুমোদন করা হয়।
চুক্তি অনুসারে, বিডি থাই ফুডের কারখানায় সজিব গ্রুপের উইংস ব্র্যান্ডের কারবোনেটেড ড্রিংকস এবং এভারগ্রিন বেভারেজ লিমিটেডের জন্য সানক্রেস্ট ব্র্যান্ডের কারবোনেটেড ড্রিংকস উৎপাদন করবে। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতার ৭০ শতাংশ ব্যবহৃত হবে। বাকী ৩০ শতাংশ উৎপাদনক্ষমতা ব্যবহৃত হবে কোম্পানির নিজস্ব ‘নেকটার’ ব্র্যান্ডের ড্রিংকস উৎপাদনে।
উল্লেখ্য, বিডি থাই ফুডের নিজস্ব ড্রিংকস 'নেকটার' ব্র্যান্ডটি সারাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। আবারও পুরোনো বাজার ফিরে পাবে নেকটার-এমন প্রত্যাশা করছেন বিডি থাই ফুডের পরিচালক ও কর্মকর্তারা।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

