অর্থকাগজ প্রতিবেদন>
চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারের সঙ্গে সংযুক্ত সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়।
শনিবার (২২ আগস্ট) কুনমিংয়ের দ্য জেনারেল অ্যাসোসিয়েশন অব ইউনান এন্টারপ্রেনার্সে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারের একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান মূল উপস্থাপনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরে বলেন, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, শিল্পভূমি, জ্বালানি সুবিধা ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের মধ্যে সংযোগকারী দেশ হিসেবে বাংলাদেশ চীনের বাজারে প্রবেশের কার্যকর পথ তৈরি করছে।
তিনি বলেন, আলোচনাধীন কুনমিং-চট্টগ্রাম করিডোর দক্ষিণ-পশ্চিম চীন থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে পৌঁছানোর সম্ভাবনাময় বাণিজ্যপথ হতে পারে, যা ইউনানের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
রিদওয়ানুর রহমান আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ এবং চীনসহ ৩৪টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বাংলাদেশে স্থিতিশীল বিনিয়োগ কাঠামো নিশ্চিত করেছে। চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন Chinese Economic and Industrial Zone, BIDA-এর ওয়ান স্টপ সার্ভিস, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, হাই-টেক পার্ক এবং চার বিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় পিপিপি প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন।
সম্ভাবনাময় খাত হিসেবে পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও তথ্যপ্রযুক্তি সেবার কথা উল্লেখ করা হয়। সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও সবুজ নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠান শেষে ইউনানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কনস্যুলেটের বাণিজ্যিক উইংয়ের সঙ্গে মতবিনিময় করেন। কনস্যুলেট জানিয়েছে, ইউনান, সিচুয়ান, চংচিং, গুইঝো ও গুয়াংশির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে তারা কাজ করছে।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

