অর্থকাগজ প্রতিবেদন>
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রফতানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ক্রমেই প্রতিযোগিতা বাড়ছে। বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর আগ্রাসী বাজার কৌশল এবং ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অগ্রগতির কারণে বাংলাদেশের রফতানিকারকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবে চীন, ভারত ও ভিয়েতনাম ইউরোপের বাজারে আরও বেশি মনোযোগ দিচ্ছে। এর ফলে বাংলাদেশ যে বাজারে দীর্ঘদিন শক্ত অবস্থান ধরে রেখেছিল, সেখানে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় দুর্বল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এফটিএ কার্যকর হলে ভারতীয় পণ্য শুল্ক সুবিধা পাবে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি সমমানের বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে না পারে, তাহলে ইউরোপের বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হবে।
অর্থনীতিবিদরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। রফতানি পণ্যের বহুমুখীকরণ, উৎপাদনে মূল্য সংযোজন বৃদ্ধি, আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং নতুন বাজারে প্রবেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কার্যকর বাণিজ্য কূটনীতি জোরদার করা জরুরি। একই সঙ্গে ব্যবসার ব্যয় কমানো ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নেও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
সর্বশেষ হালনাগাদ 13 hours আগে

