অর্থকাগজ প্রতিবেদন ●
দেশে অতিমারি করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন সংক্রমণ আশংকায় বরিশালে ১৪ -১৬ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য বীমা মেলা স্থগিত করেছে বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র একটি দায়িত্বশীল সূত্র অর্থকাগজকে এ খবর নিশ্চিত করেছে।
বীমা পাড়ায় এ নিয়ে বেশ কিছুদিন ধরে বীমা প্রতিষ্ঠানের এমডি অর্থাৎ মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। মেলা হবে কি হবে না সে ব্যাপারে তারা সন্দিহান ছিলেন। মন্ত্রণালয়ের বরাত দিয়ে তৃতীয় প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা অর্থকাগজকে আজ (৯ জানুয়ারি, ২০২২) দুপুরে জানিয়েছিলেন, বিরাজমান কোভিট -১৯ পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আসন্ন বীমা মেলা স্থগিত হয়ে গেছে।
এ দিকে দেশের বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ বীমা এসেসিয়েশন এর সভাপতি শেখ কবির হোসেন ৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের কাছে ২০২১ সালের কোম্পানির সমাপনী বর্ষের ব্যবসায়ের হিসাব জমা দেওয়ার ২৩ জানুয়ারি, ২০২২ অবধি বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
আইডিআরএ’র সূত্র অর্থকাগজকে জানায়, সমাপনী বর্ষের ব্যবসায়ের হিসাব জমা দেওয়ার ক্ষেত্রে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।
কিছুক্ষণ আগে এক প্রজ্ঞাপনে (স্মারক নং - ৫৩.০৩.০০০০.০১৭.৩৯০০৭.২০২১.৭২) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর পরিচালক (উপসচিব) ও বীমা মেলা, ২০২২ আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ শাহ্ আলম মেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

