খুলনা প্রতিনিধি>


খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে সুনীল দাস, সাধারণ সম্পাদক পদে শেখ লিয়াকত হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো: আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েৎ হোসেন মোল্লা জানিয়েছেন, গত ১৬ মে নির্বাহী পরিষদ ও ১৩ জুন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৭ জুন মনোনয়নপত্র জমা এবং ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো: সোহেল রানা এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন।

নতুন এই কমিটি আগামী দুই বছর খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃত্ব প্রদান করবে।

সর্বশেষ হালনাগাদ 2 months আগে

Leave A Reply

Exit mobile version