অর্থকাগজ ডেস্ক>
টানা অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দুর্যোগে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ মানুষ। প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, পাহাড়ধস ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। বহু মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। পাহাড়ি এলাকার অনেক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং কয়েকটি এলাকা এখনও বিচ্ছিন্ন রয়েছে।
প্রশাসনের হিসাবে, পাঁচ জেলার বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে রয়েছে। লাখো মানুষ নিরাপদ পানি, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধের সংকটে ভুগছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে এবং স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সরকার জানিয়েছে, দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে। ফলে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধস এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

