অর্থকাগজ প্রতিবেদন ● ডলার বিক্রয়ে মানি এক্সচেঞ্জগুলো দেড় টাকা ওপরে মুনাফা করতে পারবে না। নিদের্শ বাংলাদেশ ব্যাংকের।
দেশে ডলার সংকট দূর করতে তা বিক্রিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে মুনাফার সীমা সর্বোচ্চ ১ টাকা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার সেই সীমা বেঁধে দেওয়া হলো দেশের মানি এক্সচেঞ্জগুলোকে।
এ বিষয়ে বুধবার (১৭ আগস্ট) মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
এখন থেকে মানি এক্সচেঞ্জগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে ১ থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে ডলার বিক্রি করতে পারবে। এর বেশি মুনাফা করতে পারবে না।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, এবিবি ও বাফেদার সঙ্গে মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হলো- ব্যাংকগুলো যে দামে রেমিট্যান্স ও রফতানি বিল আনবে তার থেকে সর্বোচ্চ এক টাকা বেশি দরে ডলার বিক্রি করবে। এ ব্যাপারে নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে।
অতি সম্প্রতি দেশের মুদ্রা কেনাবেচার খোলা বাজারে (কার্ব মার্কেট) মার্কিন ডলারের ক্রয়মূল্য ১১৯ টাকায় উত্তীর্ণ হয়। সে জন্য কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক অভিযুক্ত ক’টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করে। তাতেও ডলারের মূল্য স্বাভাবিক না হওয়ায় অবশেষে বাংলাদেশ ব্যাংক মানি এক্সচেঞ্জগুলোর মুনাফার সীমা বেঁধে দেয় বলে জানা গেছে। #
অকা/ ব্যাংখা/ দুপুর, ১৮ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
