অর্থকাগজ ডেস্ক>

দেশে বর্তমানে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১ হাজার ৯৬৯টি। এর মধ্যে রয়েছে ৫৯টি টেলিভিশন চ্যানেল, ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল। একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সরকারের বিশেষায়িত ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তথ্যমন্ত্রী জানান, অনুমোদিত ৫৯টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং ৫৫টি বেসরকারি। বর্তমানে মোট ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রাষ্ট্রীয় চারটি চ্যানেলও রয়েছে।

তিনি বলেন, দেশের সংবাদপত্র শিল্পেও উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। বর্তমানে রাজধানী ঢাকা থেকে ৫৯৩টি এবং দেশের অন্যান্য জেলা থেকে ৮৪৩টিসহ মোট ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে।

অনলাইন গণমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, নিবন্ধিত ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ২৮২টি সাধারণ অনলাইন পোর্টাল, ১৩১টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং ৬১টি আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল।

সংসদে আরেক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version