অর্থকাগজ প্রতিবেদন ●
বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে ২৬ সদস্যের ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ আশ্বাস প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্টকরণের লক্ষ্যে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, অনিবাসী বাংলাদেশীরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে দেশকে গড়তে হবে। তিনি এসময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষিখাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। তিনি অনিবাসী বাংলাদেশিদের কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতা-সহ কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানান। ●

অকা/পর্যটন/ফর/সকাল/১ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version