অর্থকাগজ ডেস্ক> 

পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করতে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করেছে ওমান। দেশটির বিদেশি নাগরিকদের বাসস্থান-সংক্রান্ত নির্বাহী বিধিমালায় সংশোধন এনে নতুন এই সুবিধা কার্যকর করা হয়েছে।

রয়্যাল ওমান পুলিশের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি জারি করা সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। অফিসিয়াল গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিবেচিত দেশের নাগরিকদের শূন্য ওমানি রিয়াল ফিতে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। এর মাধ্যমে পর্যটকদের জন্য ওমান ভ্রমণ আরও সহজ ও ব্যয়-সাশ্রয়ী হবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।

এ ছাড়া, এই ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভ্রমণকারীরা চাইলে নির্ধারিত শর্ত পূরণ এবং প্রযোজ্য ফি পরিশোধের মাধ্যমে তাদের ভিসাকে অন্য যেকোনো ধরনের ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করতে পারবেন।

তবে কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধার আওতায় থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি ওমান সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত দেশের নাগরিকরাই কেবল এই সুবিধা পাবেন এবং এ-সংক্রান্ত বিস্তারিত তালিকা পরে প্রকাশ করা হবে।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version