অর্থকাগজ ডেস্ক>

শিক্ষাক্ষেত্রে বিপুল অর্থ ব্যয়ের পরও নিউইয়র্কের প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে সামনে এসেছে উদ্বেগজনক চিত্র। নতুন পরীক্ষার ফল বলছে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ইংরেজি পড়া ও বোঝার নির্ধারিত দক্ষতা অর্জন করতে পারেনি।

২০২৫–২৬ শিক্ষাবর্ষের পরীক্ষায় তৃতীয় শ্রেণির ৫৭%, চতুর্থ শ্রেণির ৫২% এবং পঞ্চম শ্রেণির ৫৭% শিক্ষার্থী দক্ষতার মানদণ্ডে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

শহরাঞ্চলে ফলাফল আরও হতাশাজনক। নিউইয়র্ক সিটিতে তৃতীয় শ্রেণির মাত্র ৪৪% শিক্ষার্থী নির্ধারিত রিডিং দক্ষতা অর্জন করেছে। এক বছরের ব্যবধানে তৃতীয় ও পঞ্চম শ্রেণির ফলাফলে বড় ধরনের পতনও দেখা গেছে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে শিক্ষা খাতে বিপুল ব্যয় নিয়ে। নিউইয়র্কে প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৩৭ হাজার ডলার ব্যয় হয়। নিউইয়র্ক সিটিতে এই ব্যয় প্রায় ৪৪ হাজার ডলার।
তারপরও যদি অর্ধেকের বেশি শিশু মৌলিক রিডিং দক্ষতার মানদণ্ডে পৌঁছাতে না পারে, তাহলে সমস্যা কি অর্থের অভাবে, নাকি শিক্ষা ব্যবস্থার কাঠামোতেই?
এদিকে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে নিউইয়র্ক শিক্ষা খাতে রেকর্ড ৩৯.৩ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। শিক্ষক প্রশিক্ষণ ও প্রমাণভিত্তিক শিক্ষা পদ্ধতিতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

শিক্ষা গবেষণার সাম্প্রতিক তথ্য বলছে, সংকটটি শুধু নিউইয়র্কে সীমাবদ্ধ নয়।

স্ট্যানফোর্ডের জেলা-ভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, গত এক দশকে তথ্য পাওয়া মার্কিন স্কুল জেলাগুলোর প্রায় ৮৩% এলাকায় রিডিং স্কোর কমেছে।

ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস ট্যামপিয়-এর সাম্প্রতিক বিশ্লেষণে নিউইয়র্কের শিক্ষা কাঠামোর দীর্ঘদিনের পরীক্ষানির্ভর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।তার যুক্তি, অতিরিক্ত পরীক্ষামুখী শিক্ষা শিক্ষার্থীদের গভীরভাবে লেখা, গবেষণা এবং স্বাধীনভাবে চিন্তা করার দক্ষতার পরিবর্তে পরীক্ষায় সহজে পরিমাপযোগ্য নির্দিষ্ট দক্ষতার দিকে বেশি ঠেলে দিতে পারে।

সর্বশেষ হালনাগাদ 11 hours আগে

Leave A Reply

Exit mobile version