অর্থকাগজ ডেস্ক>
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে টলিউডের জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেনকে। ২০১৩ সালের দর্শকপ্রিয় চলচ্চিত্র হাওয়া বদল-এর সিক্যুয়েল আবার হাওয়া বদল নিয়ে ফিরছেন তারা। ছবিটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই।
প্রথম ছবির সাফল্যের পর নতুন এই কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে আগেই তৈরি হয়েছে আগ্রহ। বিশেষ করে পরমব্রত-রাইমার অনস্ক্রিন রসায়ন আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। ছবির প্রচারণায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দুই তারকা।
এক সাক্ষাৎকারে রাইমা সেন জানান, বহু বছর পর পরমব্রতের সঙ্গে আবার কাজ করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তার ভাষায়, শেষবার দ্বিতীয় পুরুষ ছবিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। দর্শকরা এই জুটিকে আবার পর্দায় দেখতে চান—এটি তিনি ভালোভাবেই অনুভব করেন।
অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, গত এক যুগে পরিচালক হিসেবে তার কাজের ধরন ও নির্মাণশৈলীতে অনেক পরিবর্তন এসেছে। আবার হাওয়া বদল সেই অভিজ্ঞতা ও পরিণত নির্মাণভাবনারই প্রতিফলন হবে বলে তার বিশ্বাস।
জানা গেছে, ছবিটির শুটিং শেষ হয়েছিল প্রায় আড়াই বছর আগে। নানা কারণে মুক্তি পিছিয়ে গেলেও অবশেষে এটি প্রেক্ষাগৃহে আসছে। ফলে পুরোনো এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন ঘিরে টলিউডপ্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে।
হাওয়া বদল মুক্তির সময় বন্ধুত্ব, হাস্যরস ও ভিন্নধর্মী গল্পের কারণে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় আবার হাওয়া বদলও দর্শকদের একই ধরনের বিনোদন দিতে পারবে বলে আশাবাদী নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

