অর্থকাগজ প্রতিবেদন ●
তৃতীয় দফায় ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ আবার বাড়ানো হচ্ছে। আরও ১৫ দিন বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। রাজস্ব আয়ে বড় ঘাটতি দেখা দিয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ইত্যাদির কারণে দেশের করদাতারা সময়মত আয়কর পরিশোধ করতে পারছে না।
এতে টানা দুই দফায় দুই মাস সময় বাড়িয়েও জমা পড়েনি প্রত্যাশিত রিটার্ন। তাই আবার এ মেয়াদ বাড়ানো হচ্ছে। আয়কর আইনের ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় এক মাস বাড়াতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করে ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।
সরকারের রাজস্ব আয়ও কমছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসাব অনুযায়ী, জুলাই-ডিসেম্বর মেয়াদে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ হাজার ৭২৪ কোটি টাকা কম। ●
অকা/রাজস্ব/অপ্র/সন্ধ্যা/২৯ জানুয়ারি/২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
