অর্থকাগজ ডেস্ক>
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বৈশ্বিক বাজারে সালফারের সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে সালফারের দাম বেড়ে গেছে ১৩৪ শতাংশ। এতে সার উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও কৃষি খাতেও চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার প্রকাশিত বাজার বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান বুল থিওরির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রপথে আন্তর্জাতিকভাবে পরিবহন হওয়া সালফারের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালি দিয়ে যায়। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক বাজারে সালফারের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে দামের ওপর।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, সংঘাত চলাকালে সাড়ে তিন মাসে হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৮০ হাজার টন সালফার পরিবহন হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের পর একই পথ দিয়ে সালফার পরিবহন বেড়ে ৬ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে।
সালফার রাসায়নিক সার উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল। ফলে এর মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে সার উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব আগামী মৌসুমে কৃষি উৎপাদন খরচ বাড়াতে পারে এবং শেষ পর্যন্ত খাদ্যপণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে।
সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

