অর্থকাগজ ডেস্ক>
সামান্থা রুথ প্রভুকে নিয়ে ভক্তদের আগ্রহ যেন কখনোই কমে না। পর্দার সাফল্য হোক কিংবা ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়—সবকিছুই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারও তার ব্যতিক্রম হলো না। একটি ভিডিওকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দু একটাই প্রশ্ন—সামান্থা কি মা হতে চলেছেন?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রীর একটি ভিডিও। সেখানে তাকে দেখা যায় ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে। আসন্ন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’–এর প্রচারণার অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। পাশে ছিলেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক রাজ নিদিমোরুও, যিনি সামান্থার স্বামী।
অনুষ্ঠানে কেক কাটার সেই ভিডিও প্রকাশের পরই ভক্তদের নজর আটকে যায় সামান্থার দিকে। অনেকের দাবি, তার শারীরিক গঠনে কিছু পরিবর্তনের আভাস মিলেছে। কেউ কেউ মনে করছেন, অভিনেত্রীর বেবি বাম্পও দেখা গেছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শুভেচ্ছার বন্যা। অনেক ভক্ত আগেভাগেই অভিনন্দন জানাতে শুরু করেছেন এই তারকাকে।
যদিও পুরো বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। সামান্থা কিংবা রাজ নিদিমোরুর পক্ষ থেকে মা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে জল্পনা যতই বাড়ুক, নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই।
ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নতুন পথচলা শুরু করেছিলেন সামান্থা। বিচ্ছেদের পর দীর্ঘ সময় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
তবে গুঞ্জন সত্যি কি না, সেটি জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এরই মধ্যে একটি ছোট্ট ভিডিওই আবারও সামান্থাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

