অর্থকাগজ প্রতিবেদন সরকার দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী এবং রূপালী ব্যাংক লিমিটেড এ নতুন নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আজ (১৪ আগস্ট)। এ দিন দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস স্বাক্ষরিত তিন আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে তিনজন নতুন এমডি ও সিইওকে নিয়োগ প্রদান করা হয়। এরা হলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিমকে সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক মুরশেদুল কবীরকে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং রূপালী ব্যাংক লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। দুপুরেই তিনটি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে নিয়োগপত্রের চিঠি পাঠানো হয়।

আফজাল করিম সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, মুরশেদুল কবীর অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হলেন।

আতাউর রহমান প্রধান এবং ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৯ সালের আগস্ট এবং শামস-উল ইসলাম ২০১৬ সালের আগস্ট থেকে উল্লেখিত ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২৮ আগস্ট তিনজনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

#

অকা/ব্যাংখা/রাত, ১৪ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version