অর্থকাগজ প্রতিবেদন ●
সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিমকে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এ নিয়োগ প্রদান করে। তার এ নিয়োগের পর আবদুল হালিম ৯ সেপ্টেম্বর পূর্বাহ্নে প্রতিষ্ঠানটির সদর দফতরে পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। ইতঃপূর্বে বিগত ১৯৯৯-২০০০ সময়ে তিনি বিএইচবিএফসির অন্যতম একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৮ সালের ১ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এ এস এম আবদুল হালিম জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চতর ডিগ্রি গ্রহণকারী সাবেক এ ইপিসিএস কর্মকর্তা মহকুমা ও জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ পর্যায়ে দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পাট ও বস্ত্র, কৃষি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি সাবেক দুর্নীতি দমন ব্যুরোতে দায়িত্ব পালন এবং বিভিন্ন সংস্থা ও করপোরেশনের পরিচালক ও চেয়ারম্যান হিসেবেও রেখেছেন কৃতিত্ব ও যোগ্যতার স্বাক্ষর। বর্ণাঢ্য চাকরি জীবনে আবদুল হালিম জেনেভা কনভেনশনে যোগদানসহ বিভিন্ন শিক্ষা ও সরকারি সফরে নেতৃত্ব প্রদানে এশিয়া এবং ইউরোপের অধিকাংশ দেশ এবং আমেরিকা ভ্রমণ করেন। ●
অকা/আখা/ফর/সন্ধ্যা/১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

