অর্থকাগজ প্রতিবেদন>
দারিদ্র্য হ্রাস, দক্ষতা উন্নয়ন এবং উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১৬ হাজার কোটি টাকার অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বিদায়ী অর্থবছরের তুলনায় এ অর্থায়নের পরিমাণ ৪৫ শতাংশেরও বেশি।
বুধবার রাজধানীতে অনুষ্ঠিত পিকেএসএফের সাধারণ পর্ষদ সভায় নতুন অর্থবছরের বাজেট ও বার্ষিক কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। সভায় দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে অর্থায়নের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পিকেএসএফ জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বাড়ানোর পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচিও জোরদার করা হবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এসএমই খাতভিত্তিক তহবিল ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ৫ হাজার কোটি টাকা বিতরণের সুযোগ সৃষ্টি হবে, যা নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
নতুন কর্মপরিকল্পনায় শুধু ঋণ বিতরণ নয়, বরং দক্ষ জনশক্তি তৈরি, উদ্ভাবনী উদ্যোগে সহায়তা এবং টেকসই ব্যবসা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঋণ, বিনিয়োগ ও অন্যান্য আর্থিক সহায়তার সমন্বয়ে ব্লেন্ডেড ফাইন্যান্সিং কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
এ ছাড়া জলবায়ু সহনশীল উদ্যোগ, সৃজনশীল অর্থনীতি এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নসংক্রান্ত গবেষণা কার্যক্রম শক্তিশালী করা হবে।
পিকেএসএফের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক পরিবেশ তৈরি হবে।
একই দিনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নতুন অর্থবছরের কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

