অর্থকাগজ প্রতিবেদন ●
বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ৯ নভেম্বর মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ সাইদুল আমিনকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) এস. এম. মাসুদুল হক স্বাক্ষরিত নিয়োগপত্রটি কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। আইডিআরএ’র অনুমোদনের আগে তিনি ২০২০ সালের ২৭ জুলাই থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা পদের চলতি দায়িত্ব হিসেবে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বোরহান আহমেদ মজুমদার ওই বছরের ২৫ জুলাই মারা যান। প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য হলে তিনি তাঁর স্থালাভিষিক্ত হন।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক গ্রামে ১৯৭৬ সালের ১ এপ্রিল জন্মগ্রহণকারী বীমা নির্বাহী সাইদুল আমিন ছাত্র থাকা অবন্থায় ১৯৯১ সালে দেশের বৃহত্তম জীবন বীমা প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ এজেন্ট হিসেবে কাজ করেন এক বছর।
বীমা পেশায় ঢুকেন তিনি ১৯৯৬ সালের নভেম্বর মাসে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ এজেন্সী ম্যানেজার হিসেবে। এভিপি পদে পদোন্নতিপ্রাপ্ত সাইদুল আমিন ৪ বছর এ কোম্পানিতে কাজ করার পর ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ এসভিপি পদে যোগদান করেন ২০০০ ফেব্রুয়ারি মাসে। ২০২০ সালের শুরুতে তিনি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ যোগদান করেন। ২ পুত্র সন্তানের পিতা বীমা নির্বাহী সাইদুল আমিন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন প্রাপ্তির পর কোম্পানি পরিচালনায় বীমা সংশ্লিষ্ট সকালের কাছে দোয়া চেয়েছেন। ●
অকা/বীখা/ রাত, ১৩ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

