অর্থকাগজ ডেস্ক>
বিশ্বকাপ ফুটবারের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে কানাডা। নাটকীয় এক জয়ে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচটি দীর্ঘ সময় গোলশূন্য ছিল। দুই দলই সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কানাডাকে উল্লাসে ভাসান স্টিফেন ইউস্তাকিও। ৯২তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে জালের দেখা পেয়ে তিনি দলকে এনে দেন স্মরণীয় জয়।
ম্যাচজুড়ে দক্ষিণ আফ্রিকার রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় কানাডাকে। প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক আলফন্সো ডেভিস। তার উপস্থিতিতে আক্রমণে গতি ফিরে পায় কানাডা, যার ফল মেলে শেষ মুহূর্তে।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার নকআউট পর্ব অতিক্রম করল কানাডা। কোচ জেসি মার্শ ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে বলেন, কঠিন লড়াইয়ে তাদের মানসিক দৃঢ়তাই পার্থক্য গড়ে দিয়েছে।
শেষ ষোলোতে কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
সর্বশেষ হালনাগাদ 13 hours আগে

