অর্থকাগজ প্রতিবেদন>
বাংলাদেশে নতুন ব্যবসা শুরু করতে বর্তমানে যেখানে প্রায় ৩৫৫ দিন সময় লাগে, সেখানে সেই সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, ব্যবসা শুরু করতে বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, নিবন্ধন ও লাইসেন্স গ্রহণের দীর্ঘসূত্রতা দূর করতে একটি সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে এবং আবেদন, অনুমোদন ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ করা হবে।
বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বর্তমানে একটি ব্যবসা চালু করতে উদ্যোক্তাদের অনেকগুলো প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়। এতে সময়ের পাশাপাশি ব্যয়ও বেড়ে যায়। নতুন উদ্যোগের মাধ্যমে এসব প্রক্রিয়া এক জায়গা থেকে সম্পন্ন করার ব্যবস্থা করা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত ব্যবসা শুরু করতে পারেন।
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশে ব্যবসা শুরু করার পরিবেশ তৈরি করা। এ জন্য অপ্রয়োজনীয় অনুমোদন কমানো, সেবার সময়সীমা নির্ধারণ, অনলাইন আবেদন ব্যবস্থা সম্প্রসারণ এবং বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সহজ করার কাজ চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৪ দিনে নামিয়ে আনা সম্ভব হলে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। এতে দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

