অর্থকাগজ প্রতিবেদন ●
চলমান পণ্য বিক্রি কার্যক্রমের সময় দুদিন বাড়ানো হয়েছে টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) । সারা দেশে ট্রাকসেল আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত চলবে।
টিসিবি থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, এ দফায় পণ্য বিক্রি কার্যক্রমের সময় দুদিন বাড়ানো হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুত থাকায় সময় বাড়ছে। আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে।
এ সময় নিত্যপণ্যের বাজারে তেল-চিনি-ডালের দাম বেশি। এসব পণ্য সাশ্রয়ী দামে টিসিবির ট্রাক সেলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মিলছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০-২০ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে। আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। ১৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ বিক্রিও শুরু হয়েছে।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।
দেশজুড়ে টিসিবি’র ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।
সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে ৪ সেপ্টেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। এ দফায় সময় বাড়িয়ে কমানো হয় ট্রাক প্রতি পণ্যের বরাদ্দ। এতে পণ্য বিক্রির পয়েন্টে এসে অপেক্ষা করেও পণ্য না পেয়ে অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে দেখা যায়।
ডিলাররা জানান, আগে ট্রাক প্রতি এক হাজার লিটার থেকে এক হাজার ২০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হলেও এ দফায় দেওয়া হচ্ছে ৭০০ লিটার। একইভাবে চিনি ও ডালের বরাদ্দ ২০০ কেজি করে কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৫০০ ও ৪০০ কেজি।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
